প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
চিলাহাটিতে মাদক বিক্রির সময় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক
রাকিবুল ইসলাম , চিলাহাটি প্রতিনিধি ||
নীলফামারীর ডোমার উপজেলার ১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে মাদক বিক্রির সময় সামিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।আটক সামিউল ইসলাম চিলাহাটির নিজ ভোগডাবুড়ী গ্রামের ৫ নং ওয়ার্ডের মৃত কালামের ছেলে।ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মমিনুল ইসলাম জানান, পরিষদের কাজের ফাঁকে বাইরে বের হলে তিনি প্রথমে মাদক কারবারি শুকরু নামে এক ব্যক্তিকে দেখতে পান। তাকে জিজ্ঞাসা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে সামিউল ইসলামকে দেখে শুকরুর সঙ্গে তার এখানে কী কাজ-এমন প্রশ্ন করলে সামিউলও পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে তার পকেটে হাত দিলে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।পরে তিনি ইউনিয়ন পরিষদের অন্য গ্রাম পুলিশদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সামিউলকে আটক করেন। এরপর চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে সামিউলকে গ্রাম পুলিশের কাছ থেকে হেফাজতে নেয়।চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, সামিউল ইসলাম নামে এক ব্যক্তিকে ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের কাছ থেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এজাহার দাখিলসহ মামলার জন্য তাকে ডোমার থানায় পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার