প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
ডিমলায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান, ১৬ নৌকা ও ৪ শ্যালো মেশিন বিনষ্ট
মো:জুয়েল রানা , ডিমলা উপজেলা প্রতিনিধি ||
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স। অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি ইঞ্জিনচালিত নৌকা ও ৪টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি লৌহদণ্ড, ১২টি প্লেনশিটের তৈরি লোহার ডালি ও ৬টি বেলচা জব্দ করা হয়। জব্দকৃত সরঞ্জামগুলো বার্ণিঘাট বিজিবি (বিওপি) ক্যাম্পের জিম্মায় রাখা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর মেজর জুলকার নাঈন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।অভিযানের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির ৬২ সদস্যের একটি দল এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, তিস্তা নদীর স্বাভাবিক প্রবাহ, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার