প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা
মো:জুয়েল রানা , ডিমলা উপজেলা প্রতিনিধি ||
‘শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল।এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলার শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন।
বক্তারা আরও বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার