প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
নীলফামারীতে নবাগত ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মো. সাইফুল ইসলাম ||
নীলফামারীর উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নাগরিক সেবা সহজ করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. হুমায়ূন কবির। তিনি বলেছেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন কাজ করবে। জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া হবে।মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সভায় জেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের সীমাবদ্ধতা, ভূমি সেবা, উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন সাংবাদিকরা।মতবিনিময় সভায় নীলফামারী শহরের দীর্ঘদিনের যানজটকে অন্যতম প্রধান নাগরিক সমস্যা হিসেবে তুলে ধরা হয়। শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসা, যত্রতত্র যানবাহন পার্কিং এবং অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ বাড়ছে বলে সাংবাদিকরা জানান।শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং প্রয়োজনীয় স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়। একই সঙ্গে শহরের ওপর যানবাহনের চাপ কমাতে নীলফামারী বাইপাস সড়ক সম্প্রসারণ অথবা নতুন বিকল্প বাইপাস নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।সভায় মাদক ও জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। মাদক ব্যবসা, জুয়া, অবৈধ ক্যাসিনোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাংবাদিকরা।তাঁরা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে এসব অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নজরদারি বাড়ানো এবং সামাজিকভাবে সচেতনতা কার্যক্রম জোরদারের বিষয়টিও আলোচনায় আসে।সাধারণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ সেবা ভূমি অফিসে হয়রানি ও দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।সাংবাদিকরা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে অনেক মানুষকে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয়। এ ক্ষেত্রে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, সেবাপ্রার্থীদের হয়রানি রোধ এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের কার্যকর নজরদারি প্রয়োজন।পাশাপাশি সরকারি জমি দখল, ভূমিদস্যুতা এবং নদ-নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অভিযোগের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। কথিত বালু উত্তোলনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথাও বলেন সাংবাদিকরা।জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট, অব্যবস্থাপনা এবং চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতার বিষয় তুলে ধরে সাংবাদিকরা এসব সমস্যা সমাধানে প্রশাসনিক নজরদারি বাড়ানোর আহ্বান জানান।তাঁরা বলেন, জেলার প্রত্যন্ত এলাকার মানুষ যাতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য অযথা অন্যত্র যেতে বাধ্য না হন, সে জন্য উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসক, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা জরুরি।প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়ন, শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমে নজরদারি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।এ ছাড়া জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান সাংবাদিকরা। সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের কাজ যথাযথভাবে হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দেওয়া হয়।সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রস্তাবের জবাবে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, জনগণের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব। জেলার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, নীলফামারীর উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নাগরিক সেবা সহজ করতে প্রশাসন কাজ করবে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে প্রশাসনের ভুল-ত্রুটি তুলে ধরার পাশাপাশি জেলার উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা প্রয়োজন।সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নীলফামারীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার