প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় নিরাপত্তায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি
মো. সাইফুল ইসলাম ||
শারদীয় দুর্গাপূজা ঘিরে নীলফামারীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে নজরদারি চালাবে সাইবার মনিটরিং টিম। প্রতিমা বিসর্জনের দিনও থাকবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।শনিবার (১৭ অক্টোবর) সকালে নীলফামারী কেন্দ্রীয় কালী মন্দিরে এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে লিখিত বক্তব্য দেন এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনী।লিখিত বক্তব্যে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি। পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।বক্তব্যে আরও বলা হয়, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল জোরদার করা হবে। সাদা পোশাকে সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখা হবে। প্রতিমা বিসর্জনের দিনও বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে উৎসবের শেষ পর্যায় পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কিংবা পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও প্রতিমা বা পূজার উপকরণ নষ্ট করার মতো ঘটনা ঘটালে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। যাচাই না করে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার না করার পাশাপাশি এ ধরনের অপতৎপরতার তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে। অনলাইনে গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার প্রতিরোধে সাইবার মনিটরিং টিম নজরদারি চালাবে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।লিখিত বক্তব্যে দুর্গাপূজাকে শুধু ধর্মীয় উৎসব নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবেও উল্লেখ করা হয়েছে। উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে।দুর্গাপূজা ঘিরে নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে এসআরবি-১৩। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশা জানিয়েছে বাহিনীটি।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার