প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
মারধরের শিকার শিক্ষক খাইরুলের বদলি
ডেস্ক নিউজ ||
নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদরাসার শিক্ষক খাইরুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বদলি নীতিমালার আওতায় চাঁদপুরে বদলির আদেশ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তাকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডি.এস. আলিয়া মাদরাসায় বদলি করা হয়েছে।রোববার (২ আগস্ট) উপসচিব মো. রাহাত মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬-এর বিধান অনুযায়ী এ আদেশ কার্যকর করা হয়েছে।উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে কর্মস্থলে সহকর্মীর সঙ্গে বিরোধের জেরে মারধরের শিকার হন খাইরুল ইসলাম। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।বদলির আদেশ পাওয়ার পর খাইরুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আনন্দ প্রকাশ করেন। পরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ বদলিকে জীবনের একটি স্মরণীয় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।ফেসবুক পোস্টে খাইরুল ইসলাম বিশেষভাবে কৃতজ্ঞতা জানান নীলফামারীর সাবেক সংসদ সদস্য ও ডোমার-ডিমলা এলাকার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের প্রতি। তিনি লেখেন, বিভিন্ন সময়ে নিজের সমস্যার কথা তুলে ধরলে তুহিন আন্তরিকভাবে তা শুনেছেন এবং সমাধানে সহযোগিতা করেছেন। খাইরুলের ভাষ্য অনুযায়ী, শুরু থেকেই তুহিন তাকে আশ্বস্ত করেছিলেন যে তার চাকরির কোনো ক্ষতি হবে না এবং তিনি প্রয়োজনীয় সহযোগিতা করবেন।এছাড়া তিনি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, রুহুল আমিন, বিভিন্ন শিক্ষক সংগঠন এবং সারাদেশের যেসব শিক্ষক ও সাধারণ মানুষ তার পক্ষে কথা বলেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।খাইরুল ইসলাম বলেন, এই অর্জন শুধু তার একার নয়; বরং অনেক মানুষের ভালোবাসা, সমর্থন ও আন্তরিক প্রচেষ্টার ফল। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার