প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
ডোমারের চিলাহাটিতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট, অন্ধকারে প্রায় ২০টি পরিবার
মোঃ শরিফ বিল্লাহ , চিলাহাটি প্রতিনিধি ||
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ ঝাকুয়াপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় প্রায় ২০টি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত থেকে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ বিদ্যুতের একটি ফেজ চলে যায়। পরে ফেজ চালু করার চেষ্টা করলে ট্রান্সফরমার থেকে বিকট শব্দ শোনা যায়। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ট্রান্সফরমারটি নষ্ট হয়ে গেছে বলে নিশ্চিত করেন।এদিকে ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এলাকার প্রায় ২০টি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ না থাকায় শিশু, শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি এবং সাধারণ গ্রাহকরা নানা ধরনের দুর্ভোগে পড়েছেন। দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি মোবাইল চার্জ, পানির মোটর ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারেও সমস্যার সৃষ্টি হয়েছে।স্থানীয় যুবক রওশন আলী বলেন, "গত রাত থেকে বিদ্যুৎ না থাকায় আমরা খুব সমস্যার মধ্যে পড়েছি। দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ লাইন সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।"এ বিষয়ে পল্লী বিদ্যুতের চিলাহাটি অভিযোগ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা বলেন, "ট্রান্সফরমার নষ্ট হওয়ার বিষয়টি আমরা অবগত হয়েছি। বিষয়টি ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।"স্থানীয়দের দাবি, নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপন বা মেরামতের কাজ শেষ হতে ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে বলে তাদের জানানো হয়েছে। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত আজকের ডোমার